প্রাথমিক শিক্ষকদের হাজিরায় নজরদারি
- সর্বশেষ আপডেট ০৪:৩১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 6
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দৈনন্দিন উপস্থিতির তথ্য নির্ধারিত সময়ের মধ্যে পাঠানো নিশ্চিত করতে বিভাগীয় কার্যালয়গুলোকে আবারও কঠোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সময়মতো তথ্য না পৌঁছানোয় মনিটরিং প্রতিবেদন তৈরিতে বিলম্ব হওয়ায় এ নির্দেশনা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি বিভাগীয় উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে গত ১৫ জুন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত উপস্থিতি মনিটরিং কার্যক্রম চালু রয়েছে। এ কার্যক্রমে বিদ্যালয়, ক্লাস্টার, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিতির তথ্য পাঠানোর নির্দেশনা রয়েছে। ঢাকা সিটি করপোরেশন এলাকার জন্য আলাদা সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, বিভাগীয় কার্যালয় থেকে প্রতিদিন বেলা ১১টা ১৫ মিনিটের মধ্যে উপস্থিতির তথ্য পাঠানোর কথা থাকলেও অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা মানা হচ্ছে না। এতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সময়মতো মনিটরিং প্রতিবেদন পাঠানো সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় অধীনস্থ সব কার্যালয় থেকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিতির তথ্য সংগ্রহ, যাচাই ও একত্র করে প্রতিটি কার্যদিবসে বেলা ১১টা ১৫ মিনিটের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো নিশ্চিত করতে বিভাগীয় কার্যালয়গুলোকে পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে।





































