প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে উদ্ধার অপহৃত স্কুলছাত্র

- সর্বশেষ আপডেট ০৮:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 195
রাজধানীতে অপহরণের শিকার এক স্কুলছাত্রকে প্রধানমন্ত্রীর নির্দেশনার এক ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। সচিবালয়ের এক কর্মচারীর ছেলে অপহৃত হওয়ার খবর পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুল থেকে বের হওয়ার পর নবম শ্রেণির ওই ছাত্রকে ৪–৫ জন দুর্বৃত্ত জোরপূর্বক জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়।
সেখানে তাকে মারধর করা হয় এবং তার বাবার ফোন নম্বর নিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।
ছেলেটির বাবা, যিনি সচিবালয়ে কর্মরত, অপহরণের খবর পেয়ে কান্নাজড়িত অবস্থায় প্রধানমন্ত্রীর দপ্তরে যান এবং সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী ফোনে পুলিশ কর্মকর্তাদের দ্রুত উদ্ধার অভিযানের নির্দেশ দেন।
রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, অপহরণকারীরা যে নম্বর থেকে ফোন করেছিল সেটি ট্র্যাক করে এবং ‘টাকা পাঠানোর’ আশ্বাস দিয়ে যোগাযোগ বজায় রাখে পুলিশ।
একপর্যায়ে তাদের অবস্থান শনাক্ত করে খিলগাঁওয়ের ওই নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেলেও সেখান থেকে স্কুলছাত্রকে উদ্ধার করা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, শিশু অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।































