প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিকতার পথে এগোচ্ছে সরকার

- সর্বশেষ আপডেট ০৮:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 253
প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানালেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী ও আধুনিক করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
রাজধানীর শের-ই-বাংলা নগর এলাকায় অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. এ কে এম শামসুল ইসলাম জানান, সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নের কার্যক্রম বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ, আর সেই লক্ষ্যেই কাজ এগিয়ে নেওয়া হবে।
মন্ত্রণালয়ে পৌঁছালে প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন তাকে স্বাগত জানান। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিরক্ষা সচিব মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, উল্লেখযোগ্য সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন।
পরে উপস্থিত সবার উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে উপদেষ্টা বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, মন্ত্রণালয়ের আওতাধীন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং একটি স্বাধীন, সার্বভৌম, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাবে।































