প্রতারণার মামলায় বিদিশার জামিন নামঞ্জুর
- সর্বশেষ আপডেট ১১:৫২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 9
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এর আগে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের অ্যারাবিকা কফি রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। প্রতারণার মামলায় আদালতের দেওয়া সাজা ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন।
মামলাটি করেন ঢাকার পল্লবী এলাকার ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন সিকদার। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে তিনি গুলশান থানায় বিদিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বারিধারা এলাকায় একটি ফ্ল্যাট দেওয়ার কথা বলে ২০০১ সালের ১০ জুলাই মোশাররফ হোসেনের কাছ থেকে ৭৫ লাখ টাকা নেন বিদিশা। চুক্তি অনুযায়ী পরের বছরের ১০ জুলাই ফ্ল্যাটটি হস্তান্তরের কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তা দেওয়া হয়নি।
পরে ওই অর্থ ফেরত দেওয়ার জন্য বিদিশা ৭৫ লাখ টাকার একটি চেক দেন। কিন্তু হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় ২০০৫ সালের ২ মে চেকটি ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়।
অভিযোগে আরও বলা হয়, টাকা ফেরত চেয়ে যোগাযোগ করা হলে বাদীকে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনায় পরবর্তীতে আদালতে মামলা গড়ায়।



























