প্রতারকদের বিষয়ে পুলিশের সতর্কবার্তা
- সর্বশেষ আপডেট ০৭:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 8
পুলিশসহ সরকারি কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। মঙ্গলবার (২৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সরকারি বিভিন্ন দফতরের দায়িত্বশীল ব্যক্তি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে অর্থ দাবি ও বিভিন্ন তদবির করার অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রতারক চক্র এসব কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
পুলিশ জানায়, কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সরকারি কর্মকর্তার ছবি থাকলেই সেটি ওই ব্যক্তির ব্যবহৃত নম্বর বা অ্যাকাউন্ট—এমনটি নিশ্চিত নয়। তাই এ ধরনের বার্তায় সাড়া না দেওয়ার অনুরোধ করা হয়েছে।
কেউ এমন প্রতারণামূলক বার্তা পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯, সিআইডির সাইবার পুলিশ সেন্টার কিংবা ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) যোগাযোগ করতে পারবেন।
পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।































