পোপকে নিয়ে ট্রাম্পের মন্তব্যে ইরানের নিন্দা

- সর্বশেষ আপডেট ০৯:৪৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / 123
পোপ লিওকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তিনি এটিকে ধর্মীয় অবমাননা হিসেবে আখ্যা দিয়ে বলেন, এমন আচরণ কোনো স্বাধীনচেতা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।
সোমবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান পোপ লিও চতুর্দশের প্রতি সমর্থন জানিয়ে লেখেন, “ইরানের জনগণের পক্ষ থেকে আপনার প্রতি করা অপমানের নিন্দা জানাচ্ছি। শান্তি ও ভ্রাতৃত্বের প্রতীক হজরত ঈসা (আ.)-এর অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
এর আগে ট্রাম্প পোপ লিওকে ‘দুর্বল’ বলে মন্তব্য করেন এবং সামাজিক মাধ্যমে নিজেকে যিশু খ্রিস্টের মতো অলৌকিক ক্ষমতাসম্পন্ন হিসেবে তুলে ধরে একটি ছবি পোস্ট করেন। ওই ছবিতে তাকে অসুস্থ ব্যক্তিকে স্পর্শ করে সুস্থ করার দৃশ্যে দেখানো হয়।
ট্রাম্পের এই মন্তব্য আসে পোপ লিওর সাম্প্রতিক এক বক্তব্যের পর, যেখানে তিনি ইঙ্গিত দেন যে ‘অতিমাত্রায় ক্ষমতার ভ্রান্ত ধারণা’ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধকে উসকে দিচ্ছে।
এই ঘটনায় ইতালির রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা যায়। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পোপের শান্তি প্রচেষ্টার প্রতি সমর্থন জানান। অন্যদিকে প্রধান বিরোধী নেতা এলি শ্লেইন ট্রাম্পের মন্তব্যকে ‘অত্যন্ত গুরুতর’ বলে অভিহিত করেন।
ট্রাম্পের এমন বক্তব্য ও আচরণ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং ধর্মীয় অনুভূতিকে ঘিরে উত্তেজনা বাড়িয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।






























