পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

- সর্বশেষ আপডেট ০৮:০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 143
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য নারীদের পলিসি মেকিংয়ে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, নারীর নেতৃত্ব এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করা ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ থাকবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে উইমেন ইন ডেমোক্রেসির উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান, দায় ও দায়িত্ব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
জাইমা রহমান বলেন, “আমরা অন্যরকম একটি দেশ গড়তে চাই। এজন্য মানুষের চিন্তার জগতে পরিবর্তন আনতে হবে।” তিনি পলিসি মেকিংয়ে নারীর অংশগ্রহণ বাড়াতে ছাত্র নেতৃত্ব থেকে স্থানীয় সরকার পর্যন্ত একটি ধারাবাহিক পাইপলাইন গড়ে তোলার গুরুত্বে জোর দেন।
তিনি বলেন, “যদি এই সুযোগ ধরে রাখা না হয়, তাহলে সম্ভাবনাময় নেত্রীদের আমরা সুযোগ দিতে পারব না। নারীদের প্রতি অর্থনৈতিক বৈষম্য দূর করতে আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। এতে রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়বে।”
তিনি আরও বলেন, পুরুষদের জন্য নানারকম সুযোগ-সুবিধা থাকলেও নারীরা প্রায়ই পিছিয়ে থাকে। “ছেলেদের সবকিছু করবে এমন নয়, নারীরাও সুযোগ পেলে নেতৃত্বে এগিয়ে আসবে। তাদের জন্যও নীতি, সুযোগ ও নাগরিক দায়িত্ব নিশ্চিত করতে হবে,” যোগ করেন জাইমা রহমান।

































