নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন সড়ক মন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৩:৪২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / 32
দেশে প্রতি বছর হাজারো মানুষের প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে নিহত পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন সড়ক পরিবহন ও সেতুবিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু সরকারের উদ্যোগ নয়, চালক, মালিক ও সাধারণ মানুষেরও দায়িত্বশীল আচরণ জরুরি।
কুমিল্লায় জেলা প্রশাসন ও বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আয়োজনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সহায়তার অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, দেশে প্রতিবছর প্রায় চার হাজার মানুষ সড়কে প্রাণ হারাচ্ছেন। এই পরিস্থিতিকে রাষ্ট্রের ব্যর্থতা বলেই তিনি মনে করেন। তবে দুর্ঘটনা নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, অযোগ্য চালক, ত্রুটিপূর্ণ যানবাহন এবং সচেতনতার অভাবই দুর্ঘটনার বড় কারণ।
তিনি বলেন, সম্প্রতি ঈদের আগে ভয়াবহ এক দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। স্বজন হারানো পরিবারগুলোর কষ্টের কথা বিবেচনায় নিয়েই তিনি সেখানে গেছেন এবং তাদের কাছে ক্ষমা চেয়েছেন।
মন্ত্রী আরও বলেন, শুধু সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানালেই হবে না, পরিবহনসংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নিতে হবে। রাস্তায় কোনোভাবেই ত্রুটিপূর্ণ যানবাহন চলতে দেওয়া যাবে না। একই সঙ্গে দক্ষ চালকের হাতে যানবাহন তুলে দেওয়ার ওপরও জোর দেন তিনি।
মহাসড়কে ঝুঁকিপূর্ণ মোড় ও সংযোগস্থলে উড়ালপথ, আন্ডারপাস এবং ঘুরে যাওয়ার বিশেষ ব্যবস্থা বাড়ানো গেলে দুর্ঘটনা অনেক কমে আসবে বলেও মত দেন তিনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্প্রসারণের কাজ চলমান রয়েছে বলেও জানান।
নিহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, হারিয়ে যাওয়া মানুষকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রাষ্ট্র থাকবে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলে তাদের পুনর্বাসন, সন্তানদের লেখাপড়া ও চাকরির বিষয়ে বিশেষ সহায়তা দেওয়ার চিন্তাভাবনা চলছে।
এর আগে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী। সেখানে যাত্রীসেবা আরও সহজ ও কার্যকর করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
































