মাদ্রাসা শিক্ষকদের বেতন চেয়ে সংসদে প্ল্যাকার্ড হাতে জামায়াত এমপি
- সর্বশেষ আপডেট ০৯:২৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 12
মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানিয়ে জাতীয় সংসদে প্ল্যাকার্ড হাতে বক্তব্য দিয়েছেন রংপুর-৬ আসনের জামায়াত সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন। এক শিক্ষকের অসুস্থ মায়ের চিকিৎসার কথা তুলে ধরে তিনি বিষয়টিকে মানবিক সংকট হিসেবে উল্লেখ করেন।
জাতীয় সংসদে মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন। মঙ্গলবার (১৬ জুন) সংসদ অধিবেশনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তিনি বলেন, ঈদ পার হয়ে গেলেও মে মাসের বেতন এখনো পাননি দেশের বহু মাদ্রাসা শিক্ষক।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা মাসের শুরুতেই বেতন পেলেও মাদ্রাসা শিক্ষকদের ক্ষেত্রে সেই নিয়ম মানা হচ্ছে না। ফলে উৎসবের সময়েও তারা আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।
বক্তব্যের একপর্যায়ে আবেগঘন কণ্ঠে তিনি জানান, সংসদে আসার আগে এক মাদ্রাসা শিক্ষক তাকে ফোন করে কান্নায় ভেঙে পড়েন। অর্থাভাবে তিনি তার অসুস্থ মায়ের চিকিৎসা করাতে পারছেন না বলেও অভিযোগ করেন।
মাওলানা নুরুল আমিন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করে অবহেলিত মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন দ্রুত ছাড়ের দাবি জানান। একই সঙ্গে দেশের ইবতেদায়ি মাদ্রাসাগুলো দ্রুত সরকারি করার আহ্বানও জানান তিনি।































