সংসদে প্রবেশের ‘মাথা ঝোঁকানো’ রীতিতে আপত্তি জামায়াত এমপির
- সর্বশেষ আপডেট ০৮:১৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 7
জাতীয় সংসদে প্রবেশের সময় সম্মান প্রদর্শনের প্রচলিত ‘মাথা ঝুঁকিয়ে অভিবাদন’ রীতির বিরুদ্ধে আপত্তি তুলেছেন জামায়াতে ইসলামের সংসদ সদস্য মুজিবুর রহমান।
জাতীয় সংসদে মঙ্গলবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বিষয়টি উত্থাপন করেন। তার দাবি, এই প্রথার ধর্মীয় ব্যাখ্যা রয়েছে এবং অতীতে এটি নিয়ে সংশোধনের উদ্যোগও নেওয়া হয়েছিল।
মুজিবুর রহমান বলেন, এক সময় সংসদ কার্যপ্রণালি বিধিতে কক্ষে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানানোর নিয়ম ছিল। পরে আলোচনা–পর্যালোচনার মাধ্যমে তা পরিবর্তন আনা হয়। তার মতে, এই ধরনের অভিবাদন ইসলামী দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ হতে পারে, তাই এটি বাদ দেওয়া উচিত ছিল।
তিনি স্পিকারের উদ্দেশে আরও বলেন, বর্তমানে কেউ সালাম দেন, কেউ উত্তর দেন—এটাই যথেষ্ট হওয়া উচিত। তার পর্যবেক্ষণ অনুযায়ী, আগের ঝুঁকে অভিবাদনের রীতি এখনো সংসদে রয়ে গেছে, যা তার মতে অসংগতি তৈরি করছে।
বিষয়টি নিয়ে সংসদে প্রতিক্রিয়া জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এটি মূলত ব্যক্তিগত আচরণের অংশ হতে পারে এবং বিশ্বের বিভিন্ন সংসদেই ভিন্ন ভিন্ন অভিবাদন রীতি রয়েছে।

































