এইচআরএসএসের প্রতিবেদন
নির্বাচন পরবর্তী সহিংসতায় শিশুসহ নিহত ৩, আহত ৩ শতাধিক

- সর্বশেষ আপডেট ০৭:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 268
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ ভোটগ্রহণের পর ফল ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, মুন্সীগঞ্জ ও বাগেরহাটে দুই যুবক এবং ময়মনসিংহের হালুয়াঘাটে এক শিশু নিহত হয়েছেন।
এছাড়া অন্তত ৩০টি জেলায় দুই শতাধিক সংঘর্ষে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে প্রায় ৩৫০টি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি।
সংগঠনটি জানিয়েছে, মুন্সীগঞ্জে মো. জসিম নায়েব (৩০) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন, যিনি স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন। বাগেরহাটের কচুয়া উপজেলায় বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক ওসমান সরদার (২৯) হামলায় নিহত হয়েছেন। ময়মনসিংহের হালুয়াঘাটে নির্বাচনি গোলযোগে ইমন (১২) নামে এক শিশু প্রাণ হারিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, পটুয়াখালী, ফরিদপুর, পাবনা, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, রংপুর, নাটোর, কুষ্টিয়া ও নোয়াখালীসহ অন্তত ৩০টি জেলায় বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আহতদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একটি নৃশংস ঘটনায় নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে তিন সন্তানের জননীকে (৩২) গণধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এছাড়া নির্বাচনি প্রচারণার সময় অন্তত ৩২টি ঘটনায় ৪৫ নারী হেনস্তার শিকার হয়েছেন এবং ২৩ নারী আহত হয়েছেন। উল্লেখযোগ্য ঘটনা হিসেবে লালমনিরহাটের হাতীবান্ধায় জামায়াত নারী কর্মীদের হিজাব খুলতে বাধ্য করা এবং টাঙ্গাইলের গোপালপুরে অন্তঃসত্ত্বা নারীকে পেটের আঘাতের ঘটনা উল্লেখ করা হয়েছে।
এইচআরএসএস জানিয়েছে, ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে ২৫৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৫ জন নিহত এবং ১ হাজার ৬৫০ জন আহত হয়েছেন। নির্বাচনের দিনে সারাদেশে ৩৯৩টি অনিয়ম নথিভুক্ত হয়েছে, যার মধ্যে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, জাল ভোট ও পোলিং এজেন্টদের বের করা উল্লেখযোগ্য।
সংবাদ সম্মেলনে এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম রাজনৈতিক দলগুলোকে সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হাতিয়ার ঘটনা পর্যবেক্ষণে টিম ঘটনাস্থলে গিয়েছে, রিপোর্ট আসলে বিস্তারিত জানানো হবে। সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ও প্রোগ্রাম ম্যানেজার সাইফুল ইসলামও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
































