নির্বাচন ঘিরে ৯৯৯-এ আট হাজারের বেশি কল

- সর্বশেষ আপডেট ১০:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 95
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অভিযোগ, অনিয়ম ও বিভিন্ন তথ্য জানতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে মোট ৮ হাজার ৩৮০টি ফোনকল এসেছে।
পুলিশ জানিয়েছে, নির্বাচনী সময়জুড়ে এসব কলের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম জানান, গত ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে এসব ফোনকল পাওয়া যায়। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলা সমন্বয় সেলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে নাগরিকদের নির্বাচনসংক্রান্ত জরুরি সহায়তা দেওয়া হয়। ২২ জানুয়ারি শুরু হওয়া এই কার্যক্রম টানা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চালু ছিল।
প্রাপ্ত কলগুলোর মধ্যে ৩ হাজার ৭১৩টি ছিল নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, প্রতিদ্বন্দ্বী পক্ষের সংঘর্ষ, নিষিদ্ধ সময়ে প্রচার, ভোটকেন্দ্রে অনিয়ম এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত অভিযোগ। এসব ক্ষেত্রে ৯৯৯ থেকে সংশ্লিষ্ট থানা, জেলা ও মেট্রোপলিটন পুলিশসহ রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দ্রুত অবহিত করা হয় এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
এ ছাড়া বাকি ৪ হাজার ৬৬৭টি কল ছিল নির্বাচনসংক্রান্ত বিভিন্ন তথ্য ও সহায়তা জানতে নাগরিকদের অনুসন্ধানমূলক যোগাযোগ।

































