নির্বাচন ঘিরে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক ঢাকায়

- সর্বশেষ আপডেট ০৪:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 106
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের গণভোট ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি নজর পড়েছে বাংলাদেশের দিকে। নির্বাচন পর্যবেক্ষণে ইতোমধ্যে দেশে এসেছেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ১৯৭ জন বিদেশি সাংবাদিক।
বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, আগত পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ২৩৯ জন দ্বিপাক্ষিক দেশ থেকে এবং ৫১ জন বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এবারের আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। দ্বাদশ জাতীয় নির্বাচনে ১৫৮ জন, একাদশে ১২৫ জন এবং দশম জাতীয় নির্বাচনে মাত্র চারজন আন্তর্জাতিক পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।
পর্যবেক্ষক পাঠানো সংস্থাগুলোর মধ্যে রয়েছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সচিবালয় থেকে ২৭ জন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ১৯ জন। এছাড়া ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই), অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি), ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিস (আইসিএপিপি) এবং ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিস থেকেও প্রতিনিধি এসেছে।
ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ২১টি দেশ থেকেও পর্যবেক্ষক এসেছেন। দেশভিত্তিক হিসাবে পাকিস্তান থেকে ৮ জন, ভুটান ২, শ্রীলঙ্কা ১১, নেপাল ১, ইন্দোনেশিয়া ৩, ফিলিপাইন ২, মালয়েশিয়া ৬, জর্ডান ২, তুরস্ক ১৩, ইরান ৩, জর্জিয়া ২, রাশিয়া ২, চীন ৩, জাপান ৪, দক্ষিণ কোরিয়া ২, কিরগিজস্তান ২, উজবেকিস্তান ২, দক্ষিণ আফ্রিকা ২ এবং নাইজেরিয়া থেকে ৪ জন পর্যবেক্ষক অংশ নিচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মতো সংস্থার ৫১ জন পর্যবেক্ষক ব্যক্তিগত উদ্যোগেও নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সফর সমন্বয়ে সহায়তাকারী সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ বলেন, বিভিন্ন দেশ ও সংস্থার সাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতি বিশ্ব সম্প্রদায়ের আস্থার প্রতিফলন। পর্যবেক্ষকদের অভিজ্ঞতা ও পেশাগত মান বাংলাদেশের জন্য আশ্বস্তকর বলেও তিনি মন্তব্য করেন।
নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে অংশ নিচ্ছেন কয়েকজন আন্তর্জাতিক ব্যক্তিত্বও। তাঁদের মধ্যে আছেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো, ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের সাবেক রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল এবং যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সাবেক সরকারি ডেপুটি চিফ হুইপ লর্ড রিচার্ড নিউবি। মালয়েশিয়া ও ইরানের উচ্চপদস্থ প্রতিনিধিরাও রয়েছেন এ তালিকায়।
এবারের নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ দুই হাজারের বেশি প্রার্থী ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদের ওপর গণভোটও।































