নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আহ্বান ইইউর

- সর্বশেষ আপডেট ০৯:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 203
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দল। বৈঠকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানায় তারা।
বৃহস্পতিবার বিকেলে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। তার নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।
ইভার্স ইজাবস বলেন, ইইউ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন পরিচালনার চ্যালেঞ্জ এবং সমান সুযোগ নিশ্চিতের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, নারী, সংখ্যালঘু ও সব সম্প্রদায়ের ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করাও তাদের প্রত্যাশা।
এদিকে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানান, এখন পর্যন্ত ১১৬টি সংসদীয় আসনে ব্যালট পেপার পাঠানো হয়েছে। নির্বাচনের আর মাত্র সাত দিন বাকি থাকায় শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার করেছে কমিশন।
তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মতামত বা সুপারিশ দেবে না। নির্বাচনের দায়িত্বে বিএনসিসি সদস্যরা থাকবেন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি অপতথ্য মোকাবিলায় মেটার সঙ্গে আলোচনা চলছে বলে জানান আখতার আহমেদ।
সবশেষে তিনি আশা প্রকাশ করেন, নারী, সংখ্যালঘুসহ সব সম্প্রদায়ের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নেবেন।
































