বাংলা অ্যাফেয়ার্স বিশ্লেষণ
নির্বাচনে জাপা ‘ডাক’ মেরেছে কেন?

- সর্বশেষ আপডেট ০৭:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 145
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) সম্পূর্ণ ভরাডুবি রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে। ক্রিকেটের পরিভাষা অনুযায়ী, কোনো ব্যাটসম্যান শূন্য রানে আউট হলে তাকে ‘ডাক’ মেরেছে বলা হয়। ঠিক তেমনি এই নির্বাচনে জাপা পুরোপুরি ব্যর্থ হয়ে, কোনো আসন জিততে পারেনি। এমনকি দলটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরেও বিজয় হাতছাড়া হয়েছে।
নির্বাচনে জাপা ২০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। দলের চেয়ারম্যান জি এম কাদের রংপুর–৩ আসনে তৃতীয় হন। জয়ী জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান বেলাল ১ লাখ ৭৫ হাজার ৮২৭ ভোট পান, বিএনপির শামসুজ্জামান ৮৪ হাজার ৫৭৮ ভোট পান, আর জি এম কাদের পেয়েছেন মাত্র ৪৩ হাজার ৩৮৫ ভোট।
দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা–১ আসনে ৩৪ হাজারের মতো ভোট পেয়েছেন, যেখানে জয়ী জামায়াতে ইসলামীর মো. মাজেদুর রহমান পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট।
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, জাপার দীর্ঘ সাড়ে ১৭ বছরের আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা দল হিসেবে চলার কারণে দলটির স্বকীয়তা হারিয়েছে।
দীর্ঘদিন আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত হলেও এবার ভোটাররা জাপাকে ভোট দেননি। নেতানির্ভর দল হওয়ায় কর্মী ও সমর্থকের সংখ্যা কমে গেছে, যা এবার নির্বাচনে স্পষ্টভাবে প্রমাণিত হলো।
জাতীয় পার্টির ইতিহাসে দেখা গেছে, এরশাদের শাসনামলে দলটি ১৯৯১ সালে ৩৫টি আসন, ১৯৯৬ সালে ৩২টি আসন জয় করেছিল। ২০০১ সালে আসন সংখ্যা কমে ১৪-এ নেমে আসে।
২০০৮ সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটে অংশ নিয়ে ২৮টি আসন পেয়েছিল। ২০১৪ সালে বিএনপি বর্জিত নির্বাচনে ৩৪ আসন পায়, ২০১৮ সালে আসন কমে ২২ এবং ভোট হার ৫ শতাংশের বেশি।
২০২৪ সালের নির্বাচনে দলটির আসন ছিল ১১টি, ভোট হার মাত্র ৩ শতাংশ।
ত্রয়োদশ নির্বাচনের আগে দল আবার ভাঙনের মুখে পড়েছিল। আনিসুল ইসলাম মাহমুদ ও কয়েকজন ‘হেভিওয়েট’ নেতা নতুন দল গঠন করলেও মূল অংশ জাপা হিসেবে থেকে যায়।
জি এম কাদের ও রওশন এরশাদ দলে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু দলের পরিচিত নেতা কম। সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে ফেরানোর চেষ্টা করা হলেও দলের পুনর্গঠন অসম্পূর্ণ রয়ে গেছে।
বিশ্লেষকরা মনে করেন, জাপার ভরাডুবির মূল কারণ হলো দীর্ঘদিনের আওয়ামী লীগমুখী নীতির কারণে স্বকীয়তা হারানো, নেতানির্ভর দল হওয়া, এবং ভোটারদের সঙ্গে সংযোগের অভাব।
রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীসহ উত্তরবঙ্গের ঐতিহাসিক সমর্থন এবার ফলপ্রদ হয়নি। এসব কারণে জাতীয় পার্টি ত্রয়োদশ সংসদ নির্বাচনে পুরোপুরি ‘ডাক’ খেয়েছে।



































