নির্বাচনে জঙ্গি হামলার শঙ্কা নেই : র্যাব
- সর্বশেষ আপডেট ০৮:০০:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 113
র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো সুনির্দিষ্ট জঙ্গি হামলার শঙ্কা নেই। তবে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বুধবার বিকেলে রাজধানীর শেরে বাংলানগরস্থ রাজধানী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। তিনি জানান, র্যাবের পর্যাপ্ত জনবল ও উন্নত প্রযুক্তি এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, “ঝুঁকি কেবল তাদেরই আছে যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে চায়। জাল ভোট দেওয়ার চেষ্টা বা নির্বাচনের দিন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না।”
নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়েও সতর্ক থেকে তিনি বলেন, ফলাফলকে কেন্দ্র করে কেউ নাশকতা বা ভাঙচুর করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
র্যাব ডিজি নাগরিকদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে বলেন, ভোটারদের নিরাপত্তার জন্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এছাড়া, নির্বাচনি পরিবেশ বিঘ্নিত করতে পারে এমন গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ড রোধে র্যাবের সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে। তিনি সাধারণ মানুষকে উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অনুরোধ করেন।
































