নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: প্রধান উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০৪:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / 242
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমানে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে।
বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-এ কানাডার সাত সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন সিনেটর সালমা আতাউল্লাহজান। সাক্ষাৎকালে উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা জোরদার করা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা প্রতিনিধিদলকে দেশের চলমান সংস্কার প্রক্রিয়া এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, “আপনারা এমন এক সময় বাংলাদেশে এসেছেন, যখন দেশটি এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে—একটি তরুণ-নেতৃত্বাধীন আন্দোলনের ফলাফল হিসেবে। এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে।”
ড. ইউনূস আরও জানান, রোহিঙ্গা সংকটের আট বছর পেরিয়ে গেছে। তাদের নিজ দেশে প্রত্যাবর্তনই একমাত্র টেকসই সমাধান। দেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে, হাজার হাজার শিশু জন্ম নিচ্ছে ও বড় হচ্ছে—তবে তারা জানে না তাদের নাগরিকত্ব কী বা ভবিষ্যৎ কী। বর্তমানে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সিনেটর সালমা আতাউল্লাহজান রোহিঙ্গা ইস্যুতে কানাডার অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমি রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলছি। এটি একটি গুরুতর মানবিক উদ্বেগের বিষয়। বিশ্বের উচিত তাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোযোগী হওয়া।” তিনি ড. ইউনূসকে ধন্যবাদ জানান রোহিঙ্গা সংকট সমাধানে তার অব্যাহত প্রচেষ্টার জন্য।
প্রতিনিধিদলে আরও ছিলেন সংসদ সদস্য সালমা জাহিদ, বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রীর সংসদীয় সচিব সামির জুবেরি, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের (HCI) গ্লোবাল সিইও মাহমুদা খান, হিউম্যান কনসার্ন ইউএসএ (HCUSA)-এর সিইও মাসুম মাহবুব, জেস্টাল্ট কমিউনিকেশনসের সিইও আহমদ আতিয়া, এবং ইসলামিক রিলিফ কানাডার সিইও উসামা খান।
সাক্ষাৎকালে সামির জুবেরি বলেন, কানাডা বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বহুমুখী করার চেষ্টা করছে। উভয়পক্ষ পোশাক, কৃষি ও অন্যান্য সম্ভাবনাময় খাতে বাণিজ্য সুযোগ এবং বাংলাদেশের ক্রমবর্ধমান রপ্তানি শিল্পে কানাডার বিনিয়োগ সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।






























