নিউমার্কেট এলাকায় গুলিতে যুবক নিহত
- সর্বশেষ আপডেট ১০:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 5
রাজধানীর নিউমার্কেট থানাধীন শাহনেওয়াজ হল বটতলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই যুবককে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী পথচারী মেজবাহ জানান, শহীদ শাহনেওয়াজ হলের ১ নম্বর গেটের সামনে দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে মাথা, বাম হাত ও বগলের নিচে গুলি করে দ্রুত পালিয়ে যায়।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, নিহতের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। তার পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।




































