নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে যৌথ বিবৃতিতে ৮৫ জনের সংহতি
- সর্বশেষ আপডেট ১০:২৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / 10
বাংলাদেশে ক্রমবর্ধমান ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, যৌন সহিংসতা এবং বিচারহীনতার বিরুদ্ধে দেশের বিভিন্ন নারী অধিকার, মানবাধিকার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, উন্নয়নকর্মী, লেখক, অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক কর্মী ও সচেতন নাগরিকদের সমন্বয়ে একটি যৌথ সংবাদ বিবৃতিতে ইতোমধ্যে ৮৫ জন ব্যক্তি ও বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করে স্বাক্ষর প্রদান করেছেন।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত ধর্ষণ, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা এবং অনলাইন ও অফলাইন হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহন থেকে শুরু করে ঘরোয়া পরিবেশ পর্যন্ত নারীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন। বিচারহীনতা, সামাজিক দায়হীনতা, রাজনৈতিক ও প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয় এবং নারীবিদ্বেষী মানসিকতা এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।
যৌথ বিবৃতিতে বলা হয়, নারী ও শিশুদের প্রতি সহিংসতা কেবল বিচ্ছিন্ন অপরাধ নয়, এটি মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার একটি গভীর সংকট।
তাই এই পরিস্থিতি মোকাবিলায় কার্যকর আইন প্রয়োগ, দ্রুত বিচার, ভুক্তভোগীর নিরাপত্তা ও পুনর্বাসন, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী নীতিমালার বাস্তবায়ন এবং নারীবান্ধব সামাজিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এই উদ্যোগে সংহতি জানিয়ে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ এখনো যুক্ত হচ্ছেন। আয়োজকরা নারী অধিকার, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করা সকল ব্যক্তি ও সংগঠনকে এই যৌথ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।




































