নারীর উন্নয়নে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির

- সর্বশেষ আপডেট ০৩:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 132
ঘর ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে নেওয়া নীতিমালার পূর্ণ সুফল পাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস–২০২৬’ উদযাপন ও ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, নারী ও কন্যাশিশু যেন আর অবহেলা, নির্যাতন ও বৈষম্যের শিকার না হন—এটাই হওয়া উচিত সবার অঙ্গীকার। তিনি এমন একটি বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নের কথা বলেন, যেখানে প্রতিটি নারী নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে, স্বাবলম্বী হবে এবং নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী চিকিৎসক ও সমাজকর্মী ডা. জুবাইদা রহমান এবং তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রগতিতে শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয়। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্যারিস্টার জাইমা রহমান।
রাষ্ট্রপতি বলেন, খালেদা জিয়ার সরকার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীর উন্নয়নের যে ভিত্তি গড়ে দিয়েছিলেন, তা তার সময়েই আরও শক্তিশালী রূপ পায়। মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থাও তখন চালু হয়।
তিনি জানান, নারীশিক্ষা বাড়াতে মেয়েদের জন্য শিক্ষা উপবৃত্তি চালু করা হয়েছিল, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়। বর্তমান সরকার মেয়েদের জন্য স্নাতকোত্তর স্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনাও নিয়েছে।
অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে সহায়তার জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি জানান, আগামী ১০ মার্চ থেকে এ কর্মসূচি চালু হবে এবং এটি পারিবারিক অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, নারীর বিরুদ্ধে সহিংসতা, মজুরি বৈষম্য, দুর্বল আইনি সুরক্ষা, বাল্যবিবাহ ও সামাজিক কুসংস্কার এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এর সঙ্গে অনলাইনে নারীর চরিত্রহনন ও সাইবার বুলিং নতুন সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। এসব মোকাবিলায় কঠোর আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা জরুরি।
তিনি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক নেতা, গণমাধ্যম এবং তরুণদের নারীর প্রতি সম্মান ও সমতার মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রপতি তৈরি পোশাক শিল্পে কর্মরত লাখো নারীর অবদানের কথা স্মরণ করে বলেন, তারা দেশের রপ্তানি আয়ের প্রধান চালিকাশক্তি। রাজনীতি, প্রশাসন, বিজ্ঞান, প্রযুক্তি, উদ্যোক্তা, গণমাধ্যম, শান্তিরক্ষা ও ক্রীড়াসহ নানা ক্ষেত্রে নারীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছেন বলেও তিনি উল্লেখ করেন।
বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত গণতন্ত্র ও অধিকার আন্দোলনের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে ‘আজকের পদক্ষেপ, আগামীকালের ন্যায়বিচার: নারী ও মেয়েদের অধিকার সুরক্ষিত থাকুক’ শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। পরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পাঁচটি বিভাগে পাঁচ নারীকে সম্মাননা পদক প্রদান করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
































