নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন রাগিব রউফ চৌধুরী

- সর্বশেষ আপডেট ০৮:১৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 271
দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
দীর্ঘদিনের আইন পেশায় অভিজ্ঞ এই আইনজীবীর নিয়োগকে ঘিরে বিচারাঙ্গনে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী প্রখ্যাত ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুর রউফ চৌধুরীর সন্তান। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনি শিক্ষাজীবন ও কর্মজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
তিনি কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ডিগ্রি অর্জন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন।
উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি নেন। পরবর্তীতে লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করে আইন পেশায় আত্মনিয়োগ করেন। আইনের সঠিক প্রয়োগ ও সুশাসন প্রতিষ্ঠাকে তিনি নিজের অন্যতম অঙ্গীকার হিসেবে ধরে রেখেছেন।
এর আগে গত ২৭ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।
পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার পদত্যাগের পর থেকেই অ্যাটর্নি জেনারেলের পদটি শূন্য ছিল। এবার সেই শূন্যস্থান পূরণ হতে যাচ্ছে রাগিব রউফ চৌধুরীর নিয়োগের মধ্য দিয়ে।































