নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

- সর্বশেষ আপডেট ০৩:৩৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 126
দুর্নীতির মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ইমা ক্লেয়ার বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে বলা হয়, নির্ধারিত সময় পার হওয়ার পরও ইমা ক্লেয়ার বার্টন নির্ধারিত ছকে সম্পদ বিবরণী কমিশনে জমা দেননি। একই সঙ্গে তার বিরুদ্ধে ৮৪ লাখ ৩৫ হাজার ১২৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং ওই সম্পদ নিজের কাছে রাখার অভিযোগ রয়েছে।
দুদক ২০২৫ সালের ৪ জুন ইমা ক্লেয়ার বার্টনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয়। পরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে মামলা করা হয়।
দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনে দুদক আরও জানায়, তদন্তকালে বিশ্বস্ত সূত্রে তারা জানতে পেরেছে, মামলাসংশ্লিষ্ট ব্যক্তি গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি বিদেশে চলে গেলে মামলার গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র সংগ্রহে ব্যাঘাত এবং তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়।
এর আগে ২০২৪ সালের ২৯ আগস্ট সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
































