দেশ পরিচ্ছন্ন রাখতে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর
- সর্বশেষ আপডেট ০২:৫৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 4
পরিবেশ সংরক্ষণ এবং দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে প্রতিটি নাগরিককে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একটি পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; এ কাজে প্রতিটি মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
সোমবার (৩ আগস্ট) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
ভিডিও বার্তায় তিনি বলেন, পরিবেশ এমন একটি বিষয়, যা সমাজের প্রতিটি মানুষকে সরাসরি স্পর্শ করে। গত ৩০ থেকে ৪০ বছরে দেশের পরিবেশে বড় ধরনের পরিবর্তন এসেছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের সড়ক, হাট-বাজার এবং জনসমাগমস্থলে এখন প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, টিস্যুসহ বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।
প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, নিজের ঘর বা বাসার চারপাশে যদি এভাবে আবর্জনা পড়ে থাকে, তাহলে নিশ্চয়ই কারও ভালো লাগবে না। তাহলে দেশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতেও সবার সমান দায়িত্ব রয়েছে।
তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ প্রতিদিন রাস্তাঘাট ব্যবহার করেন। কিন্তু যত্রতত্র ফেলা ময়লা-আবর্জনার কারণে একদিকে যেমন দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে পরিবেশও ক্রমাগত দূষিত হচ্ছে।
দেশের পুকুর, খাল ও অন্যান্য জলাশয়ের দূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে অনেক পুকুরের পাড় ও জলাশয়ে আবর্জনার স্তূপ দেখা গেছে। অথচ একসময় এসব স্থান মানুষের অবসর কাটানোর অন্যতম জায়গা ছিল।
এ ছাড়া পার্ক, বিনোদনকেন্দ্র ও পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে চিপসের প্যাকেট, লজেন্সের মোড়ক, বাদামের খোসাসহ বিভিন্ন ধরনের বর্জ্য যেখানে-সেখানে না ফেলার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “দেশটা আমাদের সবার। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে সামান্য সচেতন হই এবং পরিচ্ছন্নতা রক্ষায় ভূমিকা রাখি, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”



































