দেশ গড়তে আত্মগঠনে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
- সর্বশেষ আপডেট ০৮:৪৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 86
আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে উল্লেখ করে তাদের আত্মগঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিশুরা নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে দেশও সঠিক পথে এগিয়ে যাবে।
সোমবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের শিশু-কিশোরদের হাতেই দেশের ভবিষ্যৎ। তাই এখন থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও আত্মউন্নয়নে মনোযোগী হতে হবে। সরকার উন্নত বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছে, তবে সেই যাত্রাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আগামী প্রজন্মকেই নিতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, আজকের শিশুদের মধ্য থেকেই ভবিষ্যতের দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, বিজ্ঞানী এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে, যারা দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।
শিশুদের পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, অন্যদেরও তা থেকে বিরত রাখা এবং প্রয়োজনে নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। নদী, খাল ও পুকুর দূষণমুক্ত রাখতেও শিশুদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সবুজ পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পাশাপাশি পশুপাখির প্রতি সহানুভূতিশীল হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সরকার শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, পড়াশোনা, খেলাধুলা, গান, ছবি আঁকাসহ যে ক্ষেত্রেই শিশুরা নিজেদের বিকশিত করতে চায়, সরকার তাদের পাশে থাকবে।
বক্তব্যের শেষদিকে গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের সাফল্য ও ইতিবাচক কর্মকাণ্ডকে সংবাদে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ তারাই বাংলাদেশের ভবিষ্যৎ।






























