দুই লাখ স্কুল শিক্ষার্থী পাবে ফ্রি ড্রেস সংসদে ঘোষণা প্রধানমন্ত্রীর

- সর্বশেষ আপডেট ০৮:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 233
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন সুবিধা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে জানালেন, দুই লাখ শিশুকে দেওয়া হবে বিনামূল্যে স্কুল ড্রেস।
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে।
বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন। এটিই ছিল প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রথম প্রশ্নোত্তর পর্ব।
এদিন অধিবেশনে তার জন্য নির্দিষ্ট ৩০ মিনিট সময় বরাদ্দ ছিল। ওই সময় সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীরের প্রশ্নের জবাবে বিভিন্ন খাতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আছে, তবে যারা দেননি তাদের প্রতিও দায়িত্ব রয়েছে। সেই দায় থেকেই নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী সরকার কাজ শুরু করেছে বলে উল্লেখ করেন তিনি।
শিক্ষা খাত নিয়ে তিনি কিছুটা বিস্তারে বলেন, স্বল্পমেয়াদি ১৮০ দিন, আসন্ন অর্থবছর এবং দীর্ঘমেয়াদি পাঁচ বছরের পরিকল্পনা একসঙ্গে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবেই প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই ড্রেস কর্মসূচি বাস্তবায়নের কথা জানান তিনি।
কারিগরি ও ভাষা শিক্ষার প্রসঙ্গও আসে তার বক্তব্যে। আগামী ১৮০ দিনের মধ্যে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ১৭২ জন শিক্ষার্থীকে ইতালীয় ও জাপানি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া ২০২৬ সালের জুনের মধ্যে ৪১৮টি কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে ওয়াই-ফাই সেবা চালুর কথাও সংসদে জানান তিনি।
































