এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন
বৃহস্পতিবার ‘মার্চ টু যমুনা’

- সর্বশেষ আপডেট ০৫:৫৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / 319
আজকের মধ্যে যৌক্তিক দাবি মেনে প্রজ্ঞাপন দেওয়া না হলে বৃহস্পতিবার দুপুর ১২টায় ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। একইসঙ্গে আগামীকাল দাখিল পরীক্ষাসহ সব পরীক্ষা ও ক্লাস বন্ধ থাকবে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল পৌনে ৫টায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ মোড়ে এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, আমরা বিভিন্নভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করছি। আমরা প্রশাসনের সঙ্গে হাতাহাতি করবো না। এই আন্দোলনের সঙ্গে আমাদের আবেগ, শ্রম, ঘাম জড়িত। আমরা প্রশাসনকে সহযোগিতা করেই আমাদের আন্দোলন সফল করবো।
এর আগে, বুধবার দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ ব্লকেড করেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে তারা শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় তারা তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ওই অবরোধে শাহবাগ মোড়ের চারপাশ কয়েক ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।




































