তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তর হবে: চিফ হুইপ

- সর্বশেষ আপডেট ১০:০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 171
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জনস্বাস্থ্য, বিশেষ করে নারী ও শিশুর সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে নির্ধারিত সময়ের মধ্যে আইনে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল সেন্টারে নারী স্বাস্থ্য সুরক্ষায় আয়োজিত নীতি-সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন। নীতি-সংলাপটি আয়োজন করে তাবিনাজ (তামাক বিরোধী নারী জোট) ও সহযোগিতা করে উবিনীগ।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ২০০৫ সালে বিএনপি সরকার তামাক নিয়ন্ত্রণ আইন পাশ করেছিল, এরপর টেলিভিশনে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বন্ধ হয়েছে এবং প্রধানমন্ত্রীকে তামাকজাত দ্রব্য বিক্রির নিয়ন্ত্রণে সহযোগিতা চাওয়া হবে।
তিনি আশা প্রকাশ করেন, অধ্যাদেশটি কোনো পরিবর্তন ছাড়াই আইনে রূপান্তর করা হবে, যাতে ই-সিগারেট নিষিদ্ধ, চাষ বন্ধ এবং আমদানি নিয়ন্ত্রণ করা যায়।
উবিনীগের পরিচালক সীমা দাস সীমু বলেন, কর্মক্ষেত্রে ১৯%, গণপরিবহনে ৩৮% এবং বাড়িতে ৩৭% নারী পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন। গর্ভাবস্থায় তামাক সেবন গর্ভস্থ শিশুর কম ওজন ও অপরিণত জন্মের ঝুঁকি বাড়াচ্ছে।
হাসানুল হাসিব আল গালিব জানান, প্রায় ৩ কোটি ৮৪ লক্ষ প্রাপ্তবয়স্ক ব্যক্তি পরোক্ষ ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অধিকাংশই নারী ও শিশু। দেশে ১৬ হাজার ফ্লেভারের ই-সিগারেট রয়েছে, যা ৩২ দেশে নিষিদ্ধ। অধ্যাদেশ থেকে ই-সিগারেটের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে তা মারাত্মক প্রভাব ফেলবে।
অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, তামাক কোম্পানির প্রচারণায় তরুণরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে, ই-সিগারেট তাদের দিকে লক্ষ্য করা অন্যতম কৌশল। তাই অধ্যাদেশটি অপরিবর্তিতভাবে আইনে রূপান্তর করা জরুরি।
ড. এম. এ. সোবহান যোগ করেন, ই-সিগারেটকে তামাক পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করে আইন করলে তা যুগোপযোগী পদক্ষেপ হিসেবে গণ্য হবে। সংলাপে বক্তারা একবাক্যে দাবি জানান, নারী, শিশু ও তরুণদের সুরক্ষার জন্য অধ্যাদেশটি দ্রুত আইনে রূপান্তর করতে হবে।





































