তফসিলের পর কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে আন্দোলন
- সর্বশেষ আপডেট ০৭:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 139
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর দেশের সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ ও আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত এমন কোনো কার্যক্রমে অংশ নেওয়া হলে সংশ্লিষ্টরা আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার নির্দেশে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর করার জন্য সরকার সবরকম ব্যবস্থা গ্রহণ করছে।
নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী নির্বাচনী কার্যক্রমে অংশ নেবে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় প্রায় নয় লাখ সদস্য দায়িত্বে থাকবেন। এছাড়া সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যেই দেড় লাখ পুলিশকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত দু’বছরে দুই হাজারের বেশি আন্দোলন-বিক্ষোভের মাধ্যমে জনগণ তাদের দাবি-দাওয়া জানিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ন্যায্য দাবিতে সবসময়ই সাড়া দিয়েছে। তবে এখন নির্বাচনকালীন সময়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হচ্ছে এবং নির্বাচন শেষে নতুন সরকারের কাছে তাদের দাবি-দাওয়া উপস্থাপন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।































