ঢাবিতে ছাত্রলীগের পোস্টার, প্রতিবাদে ডাকসুর কর্মসূচি

- সর্বশেষ আপডেট ০৩:৫০:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 147
ঢাকা বিশ্ববিদ্যালয়- এর বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর পক্ষে পোস্টার সাঁটানোর ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)। শুক্রবার রাতে ক্যাম্পাসের দেয়ালে “বাংলাদেশ ছাত্রলীগের সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি চাই” লেখা পোস্টার দেখা যায়, যা নিয়ে শনিবার দুপুরে প্রক্টর অফিস ঘেরাও কর্মসূচি পালন করে ডাকসু নেতারা।
কর্মসূচি থেকে তারা ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ যাচাই করে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। দুপুর ১টার দিকে ডাকসু নেতারা প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
প্রক্টর সাইফুদ্দীন আহমদ তাদের সঙ্গে সাক্ষাৎ করে জানান, পোস্টার লাগানোর বিষয়টি আগে জানা থাকলে ব্যবস্থা নেওয়া যেত। তিনি নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন দায়িত্বরত দারোয়ানদের পরিচয় যাচাই করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। পাশাপাশি প্রভোস্ট ও এস্টেট অফিসকে তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের সাংবাদিকদের বলেন, “নিষিদ্ধ সংগঠন শুধু গতরাতে নয়, এর আগেও ক্যাম্পাসে উসকানিমূলক কর্মকাণ্ড করেছে। শেখ হাসিনার ছবি, ব্যানার টানানো ও গুরুত্বপূর্ণ গেটে তালা লাগানোর মতো ঘটনা ঘটেছে। প্রশাসনের অবহেলায় তারা সাহস পাচ্ছে।”
তিনি আরও বলেন, “আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় দিয়েছি সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের চিহ্নিত করার জন্য। যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত, তাদের সঙ্গে কোনো আপস হবে না।”
প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হবে।
































