ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত

- সর্বশেষ আপডেট ০৩:২২:১৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / 166
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার প্রাণহানির ঘটনায় রাজধানীতে বিক্ষোভের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটি রোববার (১ মার্চ) বিকেল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিল শুরুর কর্মসূচি দিয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, বিক্ষোভে জামায়াতের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা উপস্থিত থাকবেন।
কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিনের।
এর আগে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এ ঘটনার সংবাদে তিনি গভীরভাবে শোকাহত এবং ইরানি জনগণের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে তিনি প্রার্থনা করেন, কঠিন সময়ে যেন তারা ধৈর্য ও শক্তি ধারণ করতে পারেন।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষ্য অনুযায়ী, আঞ্চলিক অস্থিরতা ইতোমধ্যেই স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলেছে; সামরিক উত্তেজনা আরও বাড়লে এর প্রভাব গোটা অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।
পবিত্র রমজান মাসে সংঘাত বৃদ্ধি বিশ্বজুড়ে সাধারণ মানুষের মনে ক্ষোভ ও উৎকণ্ঠা বাড়াবে বলেও তিনি মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার এবং কূটনৈতিক সমাধানের পথে এগোনোর কথা বলেন।
আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাকে তিনি বর্তমান পরিস্থিতিতে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বৈশ্বিক নেতৃত্বকে সক্রিয় ভূমিকা নেওয়ারও আহ্বান জানান জামায়াত আমির।
































