ট্রাম্পকে সতর্ক করলেন কাতারের আমির

- সর্বশেষ আপডেট ০৪:০৭:২০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 163
ইরানের সঙ্গে সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার পরিণতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি।
তিনি বলেছেন, পরিস্থিতি অব্যাহত থাকলে তা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে।
শনিবার রাতে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, টেলিফোনে দুই নেতার মধ্যে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
কাতারি গণমাধ্যমের বরাতে সৌদি সংবাদমাধ্যম জানায়, কাতারসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ইরানের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন তারা।
আলোচনায় কাতারের আমির সংকট নিয়ন্ত্রণে আনা এবং সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা বাড়তে থাকলে তা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
ফোনালাপে দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখতে যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সঙ্গে উত্তেজনা কমানো এবং নতুন সংঘাত এড়াতে রাজনৈতিক সমাধানের পথকে সমর্থনের কথাও উল্লেখ করা হয়।



































