জ্বালানি তেলের মজুত আছে, সাশ্রয় নিশ্চিত করতে রেশনিং চলবে: জ্বালানিমন্ত্রী

- সর্বশেষ আপডেট ০৫:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / 108
দেশে জ্বালানি তেলের মজুত থাকলেও বর্তমান পরিস্থিতিতে রেশনিং পদ্ধতি অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রোববার (৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এ সভার আয়োজন করে।
জ্বালানিমন্ত্রী বলেন, দেশে তেলের মজুত রয়েছে এবং নতুন করে তেলবাহী জাহাজও আসছে। তবে পরিস্থিতি বিবেচনায় সাশ্রয়ী ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। তিনি বলেন, “সবাই যদি কিছুটা সংযমের সঙ্গে ব্যবহার করি, তাহলে বিদ্যমান মজুত দিয়েই দীর্ঘ সময় চলা সম্ভব।”
তিনি জানান, রোববার সকাল ১১টার দিকে একটি তেলবাহী জাহাজ বন্দরে নোঙর করেছে এবং আরেকটি জাহাজ নোঙর করার কথা রয়েছে। এসব জাহাজ থেকে তেল খালাস করা হলে দেশের মজুত আরও বাড়বে। তবে মজুত বাড়লেও অবাধ ব্যবহারের সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, “তেল মজুত রয়েছে, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা ইচ্ছামতো ব্যবহার করব। সাশ্রয় নিশ্চিত করতে রেশনিং পদ্ধতি চালু থাকবে।”
দেশের অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় একটি ভঙ্গুর ও ঋণভারাক্রান্ত অর্থনীতি পেয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে।
তিনি বলেন, “জ্বালানির প্রধান উৎস মধ্যপ্রাচ্য। সেখানে যুদ্ধ শুরু হওয়ায় প্রতিদিন পরিস্থিতি মূল্যায়ন করতে হচ্ছে। যে মজুত রয়েছে, তা সাশ্রয়ীভাবে ব্যবহার করার জন্য আমরা জনগণকে আহ্বান জানিয়েছি।”
পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের বিষয়ে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেক জায়গায় এমন দৃশ্য দেখা যাচ্ছে। এ অবস্থায় বিদ্যমান মজুত দীর্ঘস্থায়ী করতে সরকার রেশনিং ব্যবস্থা চালু করেছে।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, সেহরি ও তারাবির সময় লোডশেডিং না রাখার চেষ্টা করছে সরকার। তিনি জানান, দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ খাতে প্রায় ৭৬ হাজার কোটি টাকার বকেয়া ছিল। তবুও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, “মাত্র ২০ দিন হয়েছে আমরা দায়িত্ব নিয়েছি। একটি কঠিন পরিস্থিতির মধ্যেই কাজ শুরু করতে হয়েছে। তবুও বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে পেরেছি। ভবিষ্যতেও তা বজায় রাখতে চাই। এজন্য জনগণের সহযোগিতা প্রয়োজন।”
বিরোধী পক্ষের সমালোচনার জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানো হবে—এমন আতঙ্ক ছড়ানো হচ্ছে। তবে আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে তিনি আশ্বস্ত করেন।
উত্তরাঞ্চল ছাত্র ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ফারজানা আক্তার রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম আলীম, ছাত্রদলের সাবেক সভাপতি খোকন ও সংগঠনের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।































