জিয়া হত্যা রহস্যে মোজাফফরের নতুন তথ্য

- সর্বশেষ আপডেট ০৪:৫১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / 147
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য উঠে আসছে, যদিও তদন্তের স্বার্থে সেগুলো এখনই প্রকাশ করা হচ্ছে না।
জানা গেছে, জিজ্ঞাসাবাদে মোজাফফর হত্যাকাণ্ডের বিভিন্ন ধাপ, ঘটনাস্থলের পরিস্থিতি, জড়িত ব্যক্তিদের ভূমিকা এবং হত্যার পর পালিয়ে যাওয়ার বিষয়ে তথ্য দিয়েছেন। তবে কিছু বিষয়ে তিনি নিজের সম্পৃক্ততা আড়াল করারও চেষ্টা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পলাতক থাকা এই আসামির গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি এনে দিতে পারে। তাদের ধারণা, ঘটনার পরিকল্পনাকারী ও নেপথ্যের বিভিন্ন দিক সম্পর্কে তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে।
নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, সেনা আইনে পলাতক ঘোষিত হওয়ায় তাকে গ্রেপ্তার করা আইনসম্মত। যৌথ জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কেও তথ্য পাওয়া যেতে পারে।
সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমও মনে করেন, হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনা নিয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি। তাই পূর্ণাঙ্গ তথ্য উদঘাটনের আগে তদন্ত প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ১৯৮১ সালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকেই মোজাফফর পলাতক ছিলেন। সম্প্রতি রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে এবং পরে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তার জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।































