ফরহাদ মজহার
জামায়াতে ইসলামী থাকলে আওয়ামী লীগও থাকবে

- সর্বশেষ আপডেট ০৯:০১:৫০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 211
বাংলাদেশে যতদিন জামায়াতে ইসলামী নামের রাজনৈতিক দল থাকবে, ততদিন আওয়ামী লীগও রাজনৈতিকভাবে টিকে থাকবে বলে মন্তব্য করেছেন কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার।
রোববার (২ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘৩৬ জুলাইয়ের অবদান বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফরহাদ মজহার বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয় অর্জন এবং এ অর্জনের সঙ্গে কোনো আপস করা যাবে না। তাঁর ভাষায়, মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাঙালি জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
তিনি বলেন, “ইসলাম একটি ধর্ম, কোনো রাজনৈতিক দলের পরিচয় হতে পারে না। তাই ‘জামায়াতে ইসলামী’ নাম ব্যবহার করে রাজনীতি করার আমি বিরোধী। যতদিন এ নামে দলটি থাকবে, ততদিন আওয়ামী লীগও থাকবে।”
সংবিধান প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার অবসান ঘটাতে হলে ১৯৭২ সালের সংবিধান পুনর্বিবেচনা নয়, বরং বাতিল করে জনগণের সার্বভৌমত্বের ভিত্তিতে নতুন রাষ্ট্রকাঠামো গড়ে তুলতে হবে। তাঁর দাবি, বর্তমান সংবিধান জনগণের সার্বভৌম ক্ষমতাকে সীমিত করেছে।
জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র পরিচালনার বিষয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে পূর্ণ ক্ষমতাসম্পন্ন অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ সৃষ্টি হয়নি। শেখ হাসিনার আমলের সংবিধান বহাল রেখে প্রকৃত অর্থে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, যদি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অবৈধ বলা হয়, তবে একই সাংবিধানিক ধারাবাহিকতায় নির্বাচিত বিএনপি সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের চেতনাকে ধারণ করে রাষ্ট্র পুনর্গঠন করতে হবে। দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও পুরোনো রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।
সংলাপে সভাপতিত্ব করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আইনজীবী আবু হেনা রাজ্জাকী, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ ভূঁইয়া, এ বি এম খালিদ হাসান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সুলতানা রাজিয়াসহ দলের নেতারা।































