জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ছায়া বাজেট
- সর্বশেষ আপডেট ০৪:১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 175
২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বিকল্প জাতীয় বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রস্তাবিত বাজেটে জনপ্রশাসন, ঋণের সুদ পরিশোধ এবং শিক্ষা-প্রযুক্তি খাতে সর্বোচ্চ বরাদ্দের সুপারিশ করা হয়েছে।
রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে মঙ্গলবার (৯ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ২০২৬-২৭ অর্থবছরের ছায়া বাজেট উপস্থাপন করে। দলের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন বাজেটের প্রস্তাবনা তুলে ধরেন।
প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকা। এর মধ্যে জনপ্রশাসন খাতে সর্বোচ্চ ২ লাখ ২ হাজার ২৪৫ কোটি টাকা বা ২৪ দশমিক ০৯ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
শিক্ষা ও প্রযুক্তি খাতে ১ লাখ ২৫ হাজার ৫৭৫ কোটি টাকা বা ১৪ দশমিক ৯৬ শতাংশ এবং ঋণের সুদ পরিশোধে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা বা ১৫ দশমিক ১৯ শতাংশ বরাদ্দের সুপারিশ করা হয়েছে।
এছাড়া পরিবহন ও যোগাযোগ খাতে ৬৫ হাজার ৩৪০ কোটি টাকা, কৃষি খাতে ৫১ হাজার ৬৭০ কোটি টাকা, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে ৪৮ হাজার ১৫০ কোটি টাকা, স্বাস্থ্য খাতে ৪৫ হাজার ২৪০ কোটি টাকা এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৪৫ হাজার ২২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা খাতে ৪৩ হাজার ৪৬২ কোটি টাকা, জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে ৩৪ হাজার ৪৫৭ কোটি টাকা এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে ২৪ হাজার ৯৫০ কোটি টাকা বরাদ্দের রূপরেখাও তুলে ধরা হয়েছে।






























