জামায়াতের ছায়া বাজেটে বেতন বৃদ্ধির রূপরেখা
- সর্বশেষ আপডেট ০৫:৫২:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / 113
আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে নতুন বেতন কাঠামো নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। একদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ছায়া বাজেটে বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির বিস্তারিত প্রস্তাব দিয়েছে, অন্যদিকে সরকারও নবম পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যাচ্ছে।
বিষয়টি এখন সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা ও অর্থনৈতিক সক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।
জামায়াতের প্রস্তাবে ১০ম থেকে ২০তম গ্রেডে প্রথম বছরেই মূল বেতনের শতভাগ কার্যকর করার কথা বলা হয়েছে, পাশাপাশি দ্বিতীয় বছরে ভাতা দ্বিগুণ করার সুপারিশ রয়েছে। ১ম থেকে ৯ম গ্রেডে আবার ধাপে ধাপে—প্রথম বছর ৫০ শতাংশ এবং দ্বিতীয় বছরে বাকি ৫০ শতাংশ বেতন সমন্বয়ের কথা উঠে এসেছে। চিকিৎসা, যাতায়াত, টিফিন ও শিক্ষা ভাতার পুনর্নির্ধারণের বিষয়টিও প্রস্তাবে গুরুত্ব পেয়েছে।
অন্যদিকে সরকারি পরিকল্পনায়ও তিন ধাপে বাস্তবায়নের রূপরেখা রয়েছে। শুরুতে মূল বেতনের অংশিক বৃদ্ধি, পরে সম্পূর্ণ সমন্বয় এবং শেষ ধাপে ভাতা যুক্ত করে পূর্ণ কাঠামো কার্যকর করার কথা ভাবা হচ্ছে। প্রস্তাবিত কাঠামো বাস্তবায়িত হলে নিম্নতম গ্রেডে বেতন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে, আর সর্বোচ্চ গ্রেডেও বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে।
দুই পক্ষের পরিকল্পনাতেই ধাপে ধাপে বাস্তবায়নের ধারণা স্পষ্ট। অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতির বাস্তবতা বিবেচনায় বড় ধরনের এককালীন পরিবর্তনের বদলে ধীরগতির সমন্বয়ের দিকেই ঝুঁকছে নীতি নির্ধারকেরা।






























