জাতিসংঘের সভাপতি পদে তুরস্কের সমর্থন ঘোষণা

- সর্বশেষ আপডেট ০৭:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / 211

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেনের সাক্ষাৎ। সংগৃহীত ছবি
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন জানাবে তুরস্ক। ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠকে এ বিষয় নিশ্চিত করেন।
বৈঠকে রাষ্ট্রদূত রামিস সেন বাংলাদেশের সাম্প্রতিক নিয়োগের জন্য প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং দুই দেশের বন্ধুত্ব ও অংশীদারিত্ব আরও গভীর করার তুরস্কের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী উষ্ণ অভ্যর্থনা জানিয়ে দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্প্রীতি এবং সাধারণ মূল্যবোধের ওপর জোর দেন।
দুই পক্ষ বাণিজ্য, প্রতিরক্ষা ও বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানোর পথ আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানানো হয় এবং প্রতিরক্ষা শিল্পে সক্ষমতা বৃদ্ধি ও যৌথ উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী তুর্কি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রোহিঙ্গা মানবিক সহায়তা ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের ধারাবাহিক সমর্থনের জন্য। তিনি আশা প্রকাশ করেন, তুরস্ক মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাষ্ট্রদূত রামিস সেন জানান, তুর্কি প্রজাতন্ত্র বাংলাদেশের সভাপতির প্রার্থিতার পাশে থাকবে। এছাড়া, দুই দেশ সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রে সম্পর্ক আরও সম্প্রসারিত করার দিকেও গুরুত্ব দেয়।
তিনি দেশে তুর্কি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরেন, যা প্রথমে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে শুরু করে ভবিষ্যতে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কার্যক্রমে রূপান্তরিত হতে পারে।
































