ছয় মাসে প্রতিটি ক্ষেত্রে সরকার ব্যর্থ: ইসলামী আন্দোলন
- সর্বশেষ আপডেট ০৫:৩৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / 106
জ্বালানি, বিদ্যুৎ ও পানি সংকটের পাশাপাশি লাগামহীন মূল্যস্ফীতিতে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, শুধু জ্বালানি সংকট নয়, গত ছয় মাসে সরকার প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
গাজী আতাউর রহমান বলেন, জ্বালানি সংকটের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি করতে পারেনি সরকার। বরং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও বিএনপি আগের সরকারের মতো দলীয়করণ করছে এবং দেশকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, জ্বালানি, বিদ্যুৎ ও পানি সংকট এবং লাগামহীন মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। এসব সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
সমাবেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব সরকারকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান।
পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।
এদিকে জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশের সব মহানগরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।




























