চুক্তি না হলে ইরানে কঠোর হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- সর্বশেষ আপডেট ১০:৪৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / 60
ইরানের সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্ত না হলে দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের তেল সরিয়ে নিচ্ছে।
ওয়াশিংটন থেকে রয়টার্স জানায়, বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে কোনো শান্তি চুক্তি না হলে যুক্তরাষ্ট্র দেশটির ওপর ‘খুব কঠোর’ হামলা চালাবে।
তিনি বলেন, “আমরা তাদের ওপর হামলা চালাব, খুব কঠোরভাবে হামলা চালাব।” হরমুজ প্রণালিতে ইরানের বাহিনীর হাতে একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে তিনি এই অবস্থানের কারণ হিসেবে উল্লেখ করেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বুধবারই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এ সময় তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে দাবি করেন যে, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরান থেকে বিপুল পরিমাণ তেল সরিয়ে নিচ্ছে।
ট্রাম্পের ভাষায়, “আজ প্রথমবারের মতো বিষয়টি জানাচ্ছি। আমরা প্রতি রাতে লাখ লাখ ব্যারেল তেল সরিয়ে নিচ্ছি। ইরান এখন বিষয়টি বুঝতে পেরেছে।”
তিনি দাবি করেন, বাজারে ওই তেল আসার কারণেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ৮৫ থেকে ৯০ ডলারের মধ্যে রয়েছে। অন্যথায় দাম ২৫০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারত। তবে কীভাবে এই তেল সরানো হচ্ছে বা এ কার্যক্রমের বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি।
কঠোর বক্তব্যের পাশাপাশি আলোচনার পথও খোলা রয়েছে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখনো ইরানের সঙ্গে একটি কার্যকর ও অর্থবহ চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
ট্রাম্প বলেন, “আমরা এমন একটি চুক্তি চাই, যা বাস্তবসম্মত হবে এবং কার্যকরভাবে কাজ করবে।”
তিনি আরও দাবি করেন, পারমাণবিক অস্ত্র অর্জন না করার বিষয়ে ইরান ইতোমধ্যে সম্মত হয়েছে। তবে চুক্তিটি এখনো আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়নি।



































