ইউপি ভোটের আগেই উত্তেজনা
চরফ্যাশনে বিএনপি নেতার পোস্টার-বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ
- সর্বশেষ আপডেট ০৩:২০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / 11
ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা মো. হেলাল উদ্দিনের প্রচারণামূলক বিলবোর্ড, ব্যানার ও পোস্টার ভাঙচুরের অভিযোগ উঠেছে। রাতের আঁধারে এসব প্রচারসামগ্রী ছিঁড়ে ফেলা ও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন তাঁর কর্মী-সমর্থকেরা। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে এওয়াজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন বিএনপি নেতা হেলাল উদ্দিন। তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
হেলাল উদ্দিনের সমর্থকদের অভিযোগ, তাঁর প্রচারণায় বাধা সৃষ্টি করতে প্রতিপক্ষের লোকজন রাতের আঁধারে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো বিলবোর্ড, ব্যানার ও পোস্টার ভাঙচুর করেছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার নিন্দা জানিয়ে হেলাল উদ্দিনের কর্মী-সমর্থক ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, নির্বাচনের আগেই এ ধরনের ঘটনা ঘটলে শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. হেলাল উদ্দিন বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে এওয়াজপুর ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে কাজ করতে মাঠপর্যায়ে সক্রিয় আছি। রাতের আঁধারে পোস্টার-ব্যানার ছিঁড়ে বা ভেঙে মানুষের মন থেকে ভালোবাসা মুছে ফেলা যাবে না।”
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।






























