চরফ্যাশনে ঝড়ে ট্রলার বিধ্বস্ত, গাছের আশ্রয়ে বাঁচলেন ৬ জেলে

- সর্বশেষ আপডেট ০১:৫৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 153
ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার বিধ্বস্ত হয়েছে। এ সময় ট্রলারে থাকা ছয় জেলে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে চরজমিন কালীর চরে পৌঁছে বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচেছেন।
উপজেলার চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলুর দোকানসংলগ্ন কাজীর খালের মুখে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া ট্রলার মাঝি আব্বাস জানান, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে তার নেতৃত্বে ছয় জেলে ট্রলার নিয়ে মেঘনায় মাছ ধরতে যান। দলে ছিলেন ইউসুফ, সবুজ, সোহেল, আল-আমীন ও নিরব পাটোয়ারী। বিকেলে শিবচরের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়।
একপর্যায়ে নদী উত্তাল হয়ে প্রবল ঢেউ সৃষ্টি হলে ঢেউয়ের আঘাতে ট্রলারটি বিধ্বস্ত হয়। জীবন বাঁচাতে ছয় জেলে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে চরজমিন কালীর চরে ওঠেন। পরে তারা চরের বনের মধ্যে গাছে আশ্রয় নেন।
আব্বাস বলেন, শুক্রবার তারা পরিবারের সদস্যদের কাছে খবর পাঠান। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। উদ্ধার হওয়ার পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরও জানান, পরে খোঁজাখুঁজি করে চরজমিন কালীর চরের বনের মধ্যে বিধ্বস্ত ট্রলারটির সন্ধান পাওয়া যায়।
ট্রলার মালিক মো. মফিজ বলেন, ঝড়ে তার প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে। ট্রলারটি তৈরির জন্য আড়তদারের দেনা ও এনজিওর ঋণ রয়েছে। নতুন করে ট্রলার তৈরি করতে সরকারের সহযোগিতা প্রয়োজন। তাই ক্ষয়ক্ষতি বিবেচনায় সরকারি সহায়তার দাবি জানান তিনি।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ঝড়ে একটি মাছ ধরার ট্রলার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর তিনি পেয়েছেন। ক্ষতিগ্রস্ত জেলে ও নৌকার মালিক আবেদন করলে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।































