চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি এই সরকারের সময় হচ্ছে না : বিডা চেয়ারম্যান

- সর্বশেষ আপডেট ০৭:০২:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 128
চট্টগ্রাম বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চূড়ান্ত চুক্তি এই সরকারের সময় সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, সময় কম থাকায় চুক্তি এখনই সম্পন্ন করা সম্ভব নয়।
রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী বলেন, “তারা আমাদের কাছে কিছুটা সময় চেয়েছেন। কিন্তু আমাদের হাতে মাত্র দুই কার্যদিবস বাকি, তাই এই সময়ে চুক্তি করা সম্ভব হবে না।” তিনি জানান, প্রকল্পটি ২০১৯ সালে শুরু হয়েছিল। গত মাসে চূড়ান্ত বোঝাপড়ার ধাপ শুরু হয়েছে, যা এখনও চলমান। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এই বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে সম্পূর্ণ চুক্তি করতে আরও সময় লাগবে।
এদিকে, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। সকাল ৮টা থেকে বন্দরের জেটি, ইয়ার্ড, টার্মিনাল, প্রশাসনিক ভবন এবং বহির্নোঙরসহ সব স্থানে পণ্য খালাস ও পরিচালনা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে দেশের প্রধান সমুদ্রবন্দর কার্যত অচল হয়ে পড়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ সকাল সাড়ে ৯টায় প্রায় ২০০ সাধারণ কর্মচারী ও শ্রমিককে জরুরি সভায় উপস্থিত হওয়ার নির্দেশ দেয়, কিন্তু আন্দোলনকারীরা আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খোকন বলেন, “সকাল ৮টা থেকে সব ধরনের কাজ বন্ধ রয়েছে। দাবি না মানা পর্যন্ত এই অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।”
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম জানান, বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।































