গার্মেন্টস কর্মীকে উত্ত্যক্ত, বিএনপি নেতাকে ছুরিকাঘাত
- সর্বশেষ আপডেট ১১:৫৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / 82
সাভারে উত্ত্যক্তের শিকার গার্মেন্টস কর্মীর পক্ষে প্রতিবাদ করায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টার দিকে সাভারের গেন্ডা এলাকার আমিন খানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
হামলার শিকার শাহাদাত খান সাভার ৯নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি। বর্তমানে তিনি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে বিএনপি নেতার প্রতিবেশী এক গার্মেন্টস কর্মী বাসায় ফেরার পথে উত্ত্যক্ত ও মারধরের শিকার হলে ভুক্তভোগীর বাবা সহযোগিতা চান। এ সময় বিএনপি নেতা মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল সাভার থানা রোডের পাগলার মোড় এলাকায় গিয়ে ওই কর্মীকে উদ্ধার করে বাসায় ফেরার পথে তাকে দুষ্কৃতিকারীরা পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এ ঘটনায় গুরুতর আহত শাহাদাত খানকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত বিএনপি নেতা শাহাদাত খান বলেন,উত্ত্যক্তের শিকার মেয়ের বাবা আমার কাছে সহযোগিতা চাইলে তাৎক্ষণিকভাবে আমি গিয়ে প্রতিবাদ করি। এ সময় কিছুটা হট্টগোল হয়। পরে আমি বাসায় ফেরার পথে আমিনের বাবা আইয়ুব রাস্তায় পথ আটকে রড নিয়ে আক্রমণ করতে আসে। এ সময় আমি ভিডিও করতে চাইলে তারা আরও ক্ষিপ্ত হয়। পাশেই তার ছেলে আমিন ছুরি নিয়ে দাঁড়িয়ে ছিল, সে এসে আমার মাথায় উপর্যুপরি কোপাতে থাকে। একপর্যায়ে আমি জ্ঞান হারায়।
এ বিষয়ে সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, মঙ্গলবার রাতে পাল্টাপাল্টি দুটি অভিযোগ হয়েছে। একটি সাকিব নামের একজন বাদী হয়ে আরেকটি আইয়ুব নামের একজন বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।



































