গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের কর্মসূচি

- সর্বশেষ আপডেট ০৩:৪১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / 95
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশজুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। রাজধানীতে সংবাদ সম্মেলন করে তারা ১৫ দিনের কর্মপরিকল্পনার কথা জানায়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। জোটের পক্ষে কর্মসূচি তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, ১৮ এপ্রিল ঢাকায় গণমিছিলের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। এরপর ২৫ এপ্রিল ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে এবং ২ মে সারাদেশের জেলা শহরে গণমিছিল আয়োজন করা হবে।
এ ছাড়া ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা শহরে প্রতিদিন লিফলেট বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
পরবর্তী ধাপে বিভাগীয় শহরগুলোতে সমাবেশ এবং ১২টি সিটি করপোরেশনে বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। এসব কর্মসূচিতে জোটের শীর্ষ নেতারা অংশ নেবেন।
এই পর্যায় শেষ হলে রাজধানীতে সমাবেশ আয়োজন করা হবে, যার তারিখ পরে ঘোষণা করা হবে।





























