গণভোটের ফল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

- সর্বশেষ আপডেট ০৫:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 230
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ঘোষিত ফলাফল স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী আবেদনকারী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আবেদনকারী আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ। তিনি জানান, গণভোট আয়োজনের আইনগত ভিত্তি প্রশ্নবিদ্ধ করে এবং ফলাফল ঘোষণার পর ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত সরকারি গেজেট স্থগিতের পাশাপাশি তা বাতিলের আবেদন জানানো হয়েছে।
আবেদনকারী আইনজীবীর ভাষ্য অনুযায়ী, বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে রিটটির ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে এই গণভোট অনুষ্ঠিত হয়। এতে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়ে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি, আর ‘না’ ভোট পড়ে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। ফলে ‘না’ ভোটের তুলনায় দ্বিগুণেরও বেশি সমর্থন পায় ‘হ্যাঁ’।
































