খুলনায় প্রশিক্ষণ পাবে ৭৭ হাজার যুবক

- সর্বশেষ আপডেট ১১:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / 77
খুলনা বিভাগের ১০ জেলার ২৪টি উপজেলায় ৭৭ হাজার যুবক-যুবতীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবে কেয়ার বাংলাদেশ। শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলা এবং কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়িত ইকোনমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। প্রকল্পের অংশীদার হিসেবে খুলনা বিভাগের ২৪টি উপজেলায় প্রশিক্ষণ দেবে কেয়ার বাংলাদেশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক হুরে জান্নাত।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নিয়োগদাতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং যুব প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দ্য আর্থ সোসাইটির ক্লাস্টার কো-অর্ডিনেটর এস এম জাহিদুল ইসলাম। আর্ন প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরেন কেয়ার বাংলাদেশের ট্রেনিং ম্যানেজমেন্ট এক্সপার্ট গোপাল চন্দ্র মজুমদার।
পরে যুব প্রতিনিধি, নিয়োগদাতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা প্রশিক্ষণের প্রয়োজনীয়তা, কর্মসংস্থানের সম্ভাবনা এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, খুলনার উপপরিচালক মো. আবুল কালাম। তিনি সমাপনী বক্তব্য দেন।
































