‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
- সর্বশেষ আপডেট ১১:০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 114
শুষ্ক ও শীতল আবহাওয়ার কারণে বাতাসে ক্ষতিকর ধূলিকণার মাত্রা বেড়ে যাওয়ায় আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকার শীর্ষের দিকে উঠে এসেছে ঢাকা। রোববার (৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মানদণ্ডে রাজধানীর বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২৪৩। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী।
একই সময়ে মিশরের রাজধানী কায়রো ২৪৬ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এরপর রয়েছে ভারতের কলকাতা (স্কোর ২১০) এবং মঙ্গোলিয়ার উলানবাটর (স্কোর ২০৪)।
শীর্ষ দশে থাকা অন্যান্য শহরের একিউআই স্কোর ১৫৪ থেকে ১৯১-এর মধ্যে রয়েছে, যা বায়ুদূষণের উচ্চমাত্রা নির্দেশ করে।
আন্তর্জাতিক বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই ০ থেকে ৫০ হলে তা ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
আর একিউআই ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়। এ অবস্থায় বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদেরও বাইরে সময় কাটানো কমানোর পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


















