কুমিল্লা সীমান্তে ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

- সর্বশেষ আপডেট ০২:৩০:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 198
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযানগুলো চালানো হয়। সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলামের নির্দেশনায় শশীদল, শংকুচাইল, খারেরা, সালদানদী ও খাদলা বিওপির টহলদল এসব অভিযানে অংশ নেয়।
অভিযানে ভারতীয় রেডবুল এনার্জি ড্রিংকস, বাসমতি চাল, ফুসকা, অলিভ অয়েল, জনসন বেবি পাউডার, বাজি, গরু, সিগারেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবির হিসাবে জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ ৫৭ হাজার ৮০০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশ-ইন, নারী ও শিশু পাচার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে।































