সাতক্ষীরা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
- সর্বশেষ আপডেট ০৭:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / 31
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় একাধিক অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্থানীয় বিভিন্ন সীমান্ত পয়েন্টে টহল জোরদার করার সময় এসব মালামাল আটক করা হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। এতে জানানো হয়, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য উদ্ধার করে।
অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার শালবাগান এলাকা থেকে ৩৬ হাজার টাকার পাতার বিড়ি জব্দ করা হয়। কলারোয়ার মাজেদারখাল থেকে ৭ লাখ ৫৪ হাজার টাকার মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং রাজপুর এলাকা থেকে ১ লাখ ৩৩ হাজার ৮০০ টাকার মোবাইল যন্ত্রাংশ ও আগরবাতি উদ্ধার করা হয়।
এছাড়া সদর উপজেলার হঠাৎগঞ্জ এলাকা থেকে আরও ৭২ হাজার ২০০ টাকার পাতার বিড়ি ও ব্যাগ আটক করা হয়।
সব মিলিয়ে জব্দকৃত পণ্যের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৯ লাখ ৯৬ হাজার টাকা।
বিজিবির ভাষ্য অনুযায়ী, এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত পথে দেশে আনা হচ্ছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও কমে যাচ্ছে।
স্থানীয়দের অনেকেই বিজিবির এ ধরনের নিয়মিত অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং সীমান্তে চোরাচালান দমনে আরও কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন।

































