কাল বাংলাদেশে পৌঁছাবে লিমনের মরদেহ
- সর্বশেষ আপডেট ১২:৫৩:২১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / 27
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামীকাল সকালে বাংলাদেশে পৌঁছাবে। একই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
লিমনের মরদেহ শনিবার (২ মে) সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি প্রেরণ করা হয়। এসময় বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ পাঠানোর পুরো প্রক্রিয়া তদারকি করেন-মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সেহেলী সাবরীন ও কনসাল থোইং। আগামীকাল সোমবার (৪ মে) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে নিহতের মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে নিহত লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, নিহতের খালা, মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল, গণমাধ্যমকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা জানাজায় অংশগ্রহণ করেন।
গত ২৫ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের পর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিহতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট পুলিশ ডিপার্টমেন্টের সমন্বয়ে সব স্থানীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
জামিল আহমেদ লিমন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে এবং নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন।
গত ১৬ এপ্রিল সকালে লিমন ও অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে ২৫ এপ্রিল সকালে হাওয়ার্ড ফ্র্যাংকল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতিমধ্যে লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সনাক্তের খবর শুক্রবার (১ মে) হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে নিশ্চিত করা হয়।






























